নওগাঁর মান্দায় সন্তান না হওয়ায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে এক স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে গ্ৰেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার ভারশোঁ ইউনিয়নের ভারশোঁ দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত জান্নাতুন খাতুন (২৪) নওগাঁর নিয়ামতপুর উপজেলার কামালপুর গ্রামের বয়েন উদ্দিনের মেয়ে। আর গ্রেপ্তার আরিফ হোসেনের বাড়ি (২৬) ভারশোঁ দক্ষিণপাড়া গ্রামে।
নিহত জান্নাতুনের বাবা বয়েন উদ্দিন বলেন, প্রায় ছয় বছর আগে পারিবারিকভাবে জান্নাতুন ও আরিফের বিয়ে হয়। সন্তান না হওয়াকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে তাদের মধ্যে কলহ চলে আসছিল।
তিনি অভিযোগ করেন, মাঝেমধ্যে আরিফ জান্নাতুনকে নির্যাতন করতো। এরই জের ধরে বৃহস্পতিবার রাতে তার মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে দাবি তার।
মান্দা থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী মাসুদ বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করার পর আরিফ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন: বঙ্গোপসাগরে পাঁচ জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ দুই
তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গলায় ওড়না পেঁচিয়ে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন আরিফ হোসেন।
একাত্তর/এসজে