বাক-প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে দুইজন আটক

ঝালকাঠির রাজাপুরে বাক-প্রতিবন্ধী এক তরুণীকে (২০) ধর্ষণের অভিযোগে দুই তরুণকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে উপজেলার বড়ইয়া ইউনিয়নের নিজামিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন সোলায়মান হাওলাদার (১৭) ও মো. রাব্বি হাওলাদার (১৬)। তারা উভয়ই উপজেলার বড়ইয়া ইউনিয়নের নিজামিয়া এলাকার বাসিন্দা।

ভুক্তভোগী তরুণীর বাবা জানায়, দুপুরে তার মেয়ে পার্শ্ববর্তী গালুয়া ইউনিয়নের গাজীরহাট এলাকায় বড় বোনের বাড়িতে যাওয়ার জন্য নিজ বাড়ি থেকে বের হয়। এসময় অভিযুক্ত ওই দুই কিশোর চাকু ঠেকিয়ে তাকে জিম্মি করে তুলে নিয়ে চল্লিশকাহনিয়া লঞ্চঘাট এলাকায় একটি কলাবাগানের মধ্যে জোরপূর্বক ধর্ষণ করে।

পরে ঘটনাটি কিশোরী তার পরিবারকে জানালে তারা জরুরী সেবা ৯৯৯ এ ফোন দিয়ে পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অভিযুক্ত দুই কিশোরকে আটক করে থানায় নিয়ে আসে।

আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্পে বন্দুকযুদ্ধ, নিহত পাঁচ

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, খবর পেয়ে ঝালকাঠি পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযুক্ত আটক দুই কিশোরকে আসামী করে মামলা দায়ের করে শুক্রবার তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।


একাত্তর/জো