গাজীপুরে পোশাক শ্রমিকনেতা হত্যায় গ্রেপ্তার তিন

গাজীপুরের টঙ্গীতে শ্রমিকনেতা শহীদুল হত্যার ঘটনায় এজাহারনামীয় তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তারা হলেন, বাংলাদেশ পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনের টঙ্গী পশ্চিম থানা কমিটির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম (৩৫) ও একই সংগঠনের কর্মী রাসেল মণ্ডল (৩২) এবং স্থানীয় গুটিয়া এলাকার হানিফ (৫০)।

রোববার বিকেলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান জিএমপি দক্ষিণ বিভাগের উপ-কমিশনার মাহবুব উজ-জামান।

তিনি জানান, প্রিন্স জ্যাকার্ড সোয়েটার লিমিটেড কারখানায় ঈদের আগের মে মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাস নিয়ে শ্রমিকদের মধ্যে অসন্তোষ ছিলো। ঘটনার দিন ২৫ জুন সন্ধ্যায় বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের গাজীপুর জেলা শাখার সভাপতি শহিদুল ইসলাম শ্রমিকদের বকেয়া আদায়ের লক্ষে সংগঠনের নেতা মোস্তফা, শরীফ ও আক্কাসকে নিয়ে কারখানার সামনে যান। তারা শ্রমিকদের সঙ্গে কথা বলে ফেরার পথে কারখানার সামনে হামলার শিকার হন। আহত শহীদুলকে হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা কেরেন। 

এ ঘটনায় বাংলাদেশ পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনের টঙ্গী পশ্চিম থানা কমিটির সাধারণ সম্পাদক মাজহারুলসহ ছয় জনকে আসামি করা হয়। সবশেষ রোববার বেলায় সাড়ে ১১টায় মামলার তিন নম্বর আসামি শ্রমিকনেতা রাসেলকে ময়মনসিংহ জেলার ত্রিশাল থেকে গ্রেপ্তার করা হয়। এর আগে ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই মামলার প্রধান আসামি মাজহারুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। মামলাটির ছয় নম্বর আসামি হানিফকে রোববার রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা এঘটনার দায় স্বীকার করেননি। 

আরও পড়ুন: সড়কে ঝরলো বাবা-ছেলের প্রাণ, পরিবারের পাঁচ সদস্য আহত

মামলা তদন্ত কর্মকর্তা শিল্প পুলিশের এএসপি মোশারফ হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শন করে সিসি টিভি ফুটেজসহ বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করেছেন। একই সঙ্গে বাদি ও গ্রেপ্তার আসামিসহ বিভিন্ন জনের কথা শুনেছেন।


একাত্তর/এসি