বরিশালে ডেঙ্গু আক্রান্তের বেশিরভাগই বাইরে থেকে আসা

বরিশাল বিভাগে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। আক্রান্তদের বেশিরভাগই ঢাকা থেকে এসেছেন। ঈদের ছুটিতে বাড়িতে এসে জ্বরে আক্রান্ত হয়ে ডেঙ্গু শনাক্ত হয়েছে তাদের।

জেলা থেকে এই রোগ ছড়িয়ে পড়ছে উপজেলা পর্যায়ে। তবে ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন হবার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। জোর দিয়েছেন পরিষ্কার পরিচ্ছন্নতায়।  

ডায়রিয়ার সঙ্গে ডেঙ্গু এখন বরিশাল অঞ্চলের ঘরে ঘরে কড়া নাড়ছে। শনিবার সকালের পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিভিন্ন সরকারি হাসপাতালগুলোতে ১১০ জন ডেঙ্গু রোগী নতুন করে ভর্তি হয়েছেন।

এছাড়া, বরিশাল শেরে বাংলা মেডিক্যালে এ বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ৩৭৭ জন রোগী। 

অথচ গত পহেলা জুলাই থেকে ৯ জুলাই পর্যন্ত ৯ দিনেই হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৩’শ ৭৪। চিকিৎসাধীন রোগীদের বেশিরভাগই ঢাকা থেকে এসেছেন। 

বর্ষা মৌসুম শুরু হতেই দক্ষিণাঞ্চলের বেশীরভাগ এলাকায়ই ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। পাশাপাশি ঈদের সময় ঢাকাসহ বিভিন্ন এলাকা থেকে ডেঙ্গুর জীবাণু বরিশাল অঞ্চলে এসেছে অনেকে।

তাদের অনেকেই জ্বরসহ নানা উপসর্গ নিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য বিভাগ বলছে, এ কারণেই দক্ষিণাঞ্চলের সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে।

হাসপাতালের সেবা নিয়ে রোগীরা সন্তোষ জানালেও ওষুধের সরবরাহ কম বলে অভিযোগ আছে। জ্বরের ওষুধ বা স্যালাইন হাসপাতালে মিললেও বেশিরভাগই বাইরে থেকে কিনতে হচ্ছে।

আরও পড়ুন: ডেঙ্গু আক্রান্ত চারজনের মধ্যে একজন শিশু

এ বিষয়ে হাসপাতালের নার্সরা জানান, ডেঙ্গুর পাশাপাশি অন্য রোগের উপসর্গ দেখা দিলেই কেবল সেই ওষুধ বাইরে থেকে আনার পরামর্শ দেয়া হচ্ছে। 

হাসপাতালের পরিচালক জানান, নতুন ভবনে ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে। এছাড়া পরিষ্কার পরিচ্ছন্নতাসহ রোগীদের জন্য সাধ্যমত সবকিছুই করা হচ্ছে বলে জানান তিনি। 

রোববার সকাল পর্যন্ত চব্বিশ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৪০ জন নতুন রোগী শেরেবাংলা মেডিক্যালে ভর্তি হয়েছেন। এ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা ৮৪ জন। 


একাত্তর/এসজে