পর্যটকদের জন্য আবার খুলে দেয়া হলো রুমা ও থানচি

দেশি-বিদেশি পর্যটকদের জন্য আবার দুয়ার খুললো পার্বত্য থানচি ও রুমার সৌন্দর্য উপভোগের। রোয়াংছড়ি বাদে বান্দরবান জেলার সব পর্যটন এলাকা ভ্রমণের জন্য আবার খুলে দেয়া হয়েছে। 

শুক্রবার এ বিষয়ে এত গণবিজ্ঞপ্তি জারি করে বান্দরবান জেলা প্রশাসন। বিষয়টি একাত্তরকে নিশ্চিত করেছেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।

দুর্গম এলাকা ভ্রমণের আগে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘পর্যটকদের দুর্গম এলাকায় ভ্রমণের পূর্বে উপজেলা প্রশাসন হতে আইনশৃঙ্খলা সংক্রান্ত হালনাগাদ তথ্য সংগ্রহ করে যথাযথ সতর্কতা অবলম্বন করতে হবে।

‘রোয়াংছড়ি উপজেলা ব্যতীত বান্দরবান জেলার অন্যান্য সকল উপজেলায় পূর্বের ন্যায় স্থানীয় ও বিদেশি পর্যটকরা এখন থেকে ভ্রমণ করতে পারবে।’ 


পাহাড়ের সন্ত্রাসী গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) অর্থের বিনিময়ে জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’ সদস্যদের সামরিক প্রশিক্ষণ দেয়ার খোঁজ পায় আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী। 

এরপর সন্ত্রাসী গোষ্ঠী ও জঙ্গি দলের সদস্যদের ধরতে গত বছরের ১৭ অক্টোবর থেকে বান্দরবানের রোয়াংছড়ি ও রুমা উপজেলার অভিযান চালায় র‌্যাব ও সেনা সদস্যের যৌথ বাহিনী। পরবর্তীতে অভিযান চালানো হয় থানচি উপজেলাতেও।

তখন থেকেই বান্দরবানের রুমা, থানচি, আলীকদম ও রোয়াংছড়ি ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা দেয়া হয়। আলীকদম উপজেলায় ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও সর্বশেষ গত ১৪ মার্চ রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলায় পর্যটকদের নিষেধাজ্ঞা দেয় জেলা প্রশাসন। 


একাত্তর/আরবি