বগুড়ার আদমদীঘিতে মালবাহী একটি ট্রাকের ধাক্কায় অপর আরেক ট্রাকের মালিক, চালক ও হেলপারসহ চারজন নিহত হয়েছেন।
শনিবার ভোররাতে বগুড়া-নওগাঁ মহাসড়কের মুরইল বাসস্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ট্রাকের চালক ঢাকার কামরাঙ্গাীচরের গফুর প্রামানিকের ছেলে দাদন মিয়া (৪০), হেলপার জামাল উদ্দীনের ছেলে সাইফুল ইসলাম (২৩), নওগাঁর সাপাহারের আমজাদ হোসেনের ছেলে রকিবুল ইসলাম (৪০) ও ট্রাকের মালিক নওগাঁর দয়ালের মোড়ের ওমর আলীর ছেলে মোস্তাক আলী (৪৫)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মুরইল বাসস্ট্যান্ডের পূর্বে খাড়ির ব্রিজের কাছে মালবাহী একটি ট্রাকের মেরামতের কাজ করছিলো চালক ও মালিক মোস্তাক আলী। এসময় ঢাকা থেকে নওগাঁগামী আরেকটি মালবাহী ট্রাক যাওয়ার পথে থামা ট্রাকটির পেছনে ধাক্কা দিলে চালক দাদন মিয়া ও ট্রাকে থাকা যাত্রী রকিবুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। অপর দুইজনকে গুরুতর আহত অবস্থায় বগুড়ার শজিমেক হাসপাতালে নেয়া হয়। সেখানে মারা যান মোস্তাক ও সাইফুল।
আরও পড়ুন: রামপালের কয়লাবাহী জাহাজের বন্দর ত্যাগে নিষেধাজ্ঞা
আদমদীঘি থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, নিহতদের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
একাত্তর/জো