বরিশালের আগৈলঝাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে। এসময় একজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে কোদালধোয়া গ্রামের একটি বাড়িতে বৈদ্যুতিক মেশিন দিয়ে রড কাটার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রমনী বালা উপজেলার বাকাল ইউনিয়নের কোদালধোয়া গ্রামের ধীরেণ বালার ছেলে।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম ছরোয়ার জানান, কোদালধোয়া গ্রামের নিখিল ঘরামীর বাড়িতে গোয়ালঘরের নির্মাণ কাজ করছিলেন রমনী বালা।
এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার হাত ও শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। এই ঘটনায় বাড়ির মালিক নিখিল ঘরামী আহত হন।
পরে স্থানীয়রা রমনী ও নিখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশির কুমার গাইন রমনী বালাকে মৃত ঘোষণা করেন। আহত নিখিল ঘরামীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন : দোহারে পুকুরে মিললো মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ
ওসি আরও জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই তার পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
একাত্তর/পিএজে