সরকারের নতুন প্রজ্ঞাপনে রিকশা, পণ্যবাহী যানবাহন ও জরুরি যানবাহন ছাড়া সব বন্ধ রাখার নির্দেশনা থাকলেও মাদারীপুরে মানা হচ্ছে না এ নির্দেশনা। জেলার সড়কগুলোতে রিক্সার পাশাপাশি মোটরসাইকেল, থ্রিহুইলার, ইজিবাইকসহ বিভিন্ন ছোট যানবাহন যাত্রী নিয়ে চলাচল করতে দেখা গেছে।
সোমবার সকালে শহর ঘুরে দেখা গেছে এখনও মাঠে নামেনি পুলিশ বা প্রশাসনের কেউ। মহা-সড়ক, আঞ্চলিক সড়ক ও শহরের প্রধান সড়ক যান চলাচলের জন্য খোলা থাকলেও শহর ও গ্রামে প্রবেশ করার বেশিরভাগ সড়ক বাঁশ দিয়ে বেড়া দিয়ে আটকে দিয়েছে প্রশাসন। আজও অপ্রয়োজনে ঘর থেকে বের হচ্ছে মানুষ। স্বাস্থ্যবিধি মানার কোন প্রবণতাই দেখা যাচ্ছে না তাদের মধ্যে।
এছাড়া বাজারগুলোতেও হচ্ছে স্বাস্থ্যবিধি লঙ্ঘন। জরুরি যানবাহন নিয়ে সীমিত আকারে চলছে ফেরি। যানবাহন বা বাজার সবস্থানে মাস্ক ছাড়া চলাফেরা করছে মানুষ। মাদারীপুরে করোনা বাড়লেও হাসপাতালগুলোতে এখনও কোন চাপ তৈরি হয় নি। শনাক্ত হওয়া বেশীরভাগ করোনা রোগীই বাড়িতে বসেই নিচ্ছেন চিকিৎসা।
একাত্তর/ এনএ