টাঙ্গাইলের মির্জাপুরে বরযাত্রীর নৌকা ডুবে বরের বড় ভাই ও এক শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে মির্জাপুর উপজেলার তরফপুর ইউনিয়নের তরফপুর দক্ষিণপাড়া গ্রামে এ নৌকা ডুবির ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার মন্দিরাপাড়া গ্রামের রিপন ও স্নেহা এবং হাড়িয়া গ্রামের আসিফ।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বহুরিয়া ইউনিয়নের মন্দিরাপাড়া গ্রামের টুটুল চৌধুরীর সঙ্গে তরফপুর গ্রামের মজনু মিয়ার মেয়ে লিপা আক্তারের বিয়ে হয়। পরে বিকেলে বরের ভাই রিপনসহ কয়েকজন তরফপুর থেকে নৌকায় বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এসময় নৌকায় একটি সাপ দেখে একজন নারী চিৎকার করে উঠলে অন্যরাও চিৎকার এবং নড়াচড়া শুরু করলে নৌকাটি কাত হয়ে ডুবে যায়।
এ সময় অন্যরা সাঁতরে তীরে উঠতে পারলেও রিপনসহ তিনজন ডুবে যায়। পরে স্থানীয়রা তিনজনের মরদেহ উদ্ধার করে।
মির্জাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার বেলায়েত হোসেন বলেন, দুর্ঘটনার খবর জেনেছি। সন্ধ্যা হয়ে যাওয়ায় ঘটনাস্থলে ডুবুরি পাঠানো সম্ভব হয়নি।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালেহ মোহাম্মদ মাসুদ করিম জানান, তিনি স্থানীয় ইউপি সদস্যের কাছে ঘটনাটি শুনেছেন। এ ঘটনায় থানায় কোনো অভিযোগ আসেনি।
আরও পড়ুন: তাহের হত্যা: ফাঁসিতে ঝুলল মহিউদ্দিন ও জাহাঙ্গীর
তরফপুর ইউপি চেয়ারম্যান মো. আজিজ রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনার পর বর ও কনের গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
একাত্তর/আরএ