নওগাঁর রাণীনগর থানা পুলিশ অভিযান চালিয়ে গরু চুরি মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে। জাকির হোসেন (৫০) নামের ওই ব্যক্তি চার বছর পলাতক ছিলেন।
বুধবার বেলা ১১টার দিকে তাকে গ্রেপ্তার করার কথা জানায় পুলিশ। জাকির হোসেন রাণীনগর উপজেলার গিরিগ্রামের মৃত আহমদ সোনারের ছেলে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, জাকিরের নামে ২০১৪ গরু চুরির অভিযোগে মামলা হয়। ওই মামলায় ২০১৯ সালে তাকে তিন বছরের সাজা দেন আদালত।
এরপর পলাতক জাকিরকে ধরতে পরোয়ানা জারি করা হয়। কিন্তু পুলিশের চোখ ফাঁকি দিয়ে চার বছর নিজেকে লুকিয়ে রাখেন তিনি।
অবশেষে সংবাদ পেয়ে বুধবার জাকিরকে পাকড়াও করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে রাণীনগর থানা পুলিশ।
একাত্তর/আরবি