কুমিল্লার মুরাদনগরে ছাগলে কাঁঠাল গাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে বিল্লাল সরকার (৪২) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন পূর্বধইর পশ্চিম ইউনিয়নের এলখাল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কৃষক বিল্লাল সরকার এলখাল গ্রামের মৃত ইসমাইল সরকারের ছেলে।
স্থানীয় মাহাবুব আলম আরিফ জানান, বৃহস্পতিবার দুপুরে বিল্লাল সরকারের নতুন বাড়িতে লাগানো কাঁঠাল গাছের পাতা খেয়ে ফেলে পাশের বাড়ির কালন মিস্ত্রির ছেলে জাকির হোসেনের দু'টি ছাগল। গাছের পাতা খেয়ে ফেলায় বিল্লালের বড় ভাই মৃত খলিল সরকারের স্ত্রী সেলিনা আক্তার ছাগল দু'টিকে বাড়িতে এনে বেঁধে রাখেন।
আরিফ আরও জানান, বিষয়টি জানতে পেরে বিকাল ৫টার দিকে কালন মিস্ত্রির পরিবারের সদস্যরা ছাগলগুলোকে নিতে এসে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে কালন মিস্ত্রি, তার ছেলে জাকির হোসেন ও পরিবারের অন্যান্য সদস্যরা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে বিল্লাল সরকারের বাড়িতে এসে হামলা চালায়। হামলায় ছুরিকাঘাতে গুরুতর আহত হন বিল্লাল সরকার।
আরও পড়ুন: ৪১তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ
পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মুরাদনগর বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বাঙ্গরা থানা পুলিশসহ মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছি। বর্তমানে ওই এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অভিযুক্তদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত আছে।