নিজের রাইফেল দিয়ে কনস্টেবলের আত্মহত্যার অভিযোগ

পঞ্চগড়ে দায়িত্বে থাকা অবস্থায় নিজের রাইফেল দিয়ে গুলি করে এক পুলিশ কনস্টেবলের আত্মহত্যার অভিযোগ উঠেছে।

পারিবারিক কলহের জেরে ঘটনাটি ঘটে থাকতে পারে বলে ধারণা করলেও, এ ব্যাপারে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি পুলিশ।

বৃহস্পতিবার দিনগত রাত ২টার দিকে পঞ্চগড় জেলা শহরের সোনালী ব্যাংকের শাখায় এ ঘটনা ঘটে। 

নিহত ফিরোজ আহমেদ (২৫) দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার পলি মির্জাপুর আবতাবগঞ্জ এলাকার পুলিশ সদস্য আবু সাঈদের ছেলে। তিনি এক বছর আগে পঞ্চগড়ের পুলিশ লাইনে যোগদান করেন। 

সহকর্মীরা জানান, মধ্যরাতে নিজের রাইফেল দিয়ে গলায় গুলি করে আত্মহত্যার চেষ্টা করেন ফিরোজ। পরে সহকর্মীরা রাতেই উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক ডা. সাইদতুল ইসলাম ফয়সাল বলেন, গুলিবিদ্ধ বস্থায় পুলিশ সদস্যরা ফিরোজকে হাসপাতালে নিয়ে আসেন। তার গলায় গর্ত এবং কান-মুখ দিয়ে অনবরত রক্ত বের হচ্ছিল। ময়নাতদন্তের রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে।

নিহতের মরদেহ সুরতহাল ও ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন: মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানে ধাক্কা, নিহত দুই

পঞ্চগড়ের পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে আত্মহত্যার ঘটনা ঘটে পারে। পুলিশের একটি বিশেষ টিম এটি তদন্ত করে দেখবে। এই মুহূর্তে এর বাইরে তেমন কিছু বলা যাচ্ছে না।


একাত্তর/এসজে