টুঙ্গিপাড়া গিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।
হাইকমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বুধবার টুঙ্গিপাড়া সফর করেন হাইকমিশনার। বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম মৃত্যুবার্ষিকীতে তাঁর প্রতি উষ্ণ শ্রদ্ধা নিবেদন করেন।
‘একটি স্বাধীন, আধুনিক জাতি হিসেবে বাংলাদেশের ইতিহাস গঠন ও অগ্রগতিতে তাঁর চিরস্থায়ী পরম্পরা ও তাঁর ঐতিহাসিক অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে হাই কমিশনার বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন।’
প্রণয় ভার্মা বলেন, বঙ্গবন্ধুর দূরদর্শিতা ও আদর্শ আগামী প্রজন্মের জন্য ভারত ও বাংলাদেশ এবং তাদের জনগণের মধ্যে মৈত্রীর দৃঢ় বন্ধনকে নির্দেশনা দেবে ও অনুপ্রাণিত করবে। বঙ্গবন্ধুর ঐতিহ্যকে সম্মান জানাতে, এই দুই দেশ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তাদের যৌথ আত্মত্যাগের কথাও স্মরণ করে যা তাদের বিশেষ সম্পর্কের ভিত্তি হিসেবে কাজ করে চলেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতের হাইকমিশনার ওড়াকান্দি পরিদর্শন করে মতুয়া সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং শ্রীধাম ওড়াকান্দি মন্দিরে প্রার্থনা করেন।
প্রণয় ভার্মা বলেন, মানুষে-মানুষে যোগাযোগ ভারত-বাংলাদেশ সম্পর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে এবং তিনি দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় ও উন্নয়ন অংশীদারিত্ব জোরদার করার জন্য ভারতের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
একাত্তর/আরবি