নওগাঁর
পত্নীতলায় হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জয়পুরহাট র্যাবের সদস্যরা।
শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার ছাইতনলা এলাকায় একটি মাহিন্দ্র ট্রাক্টরসহ তাদের আটক করা হয়।
আটকরা হলেন- চাপাইনবাগঞ্জ জেলা সদরের কছিমউদ্দিন টোলা গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে ইউসুফ আলী (৪০) এবং গিধনীপাড়া গ্রামের মোন্তাজ আলী মন্টুর ছেলে লিটন মিয়া (৩৫)।
র্যাব-৫ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মাদক কারবারিরা ট্রাক্টর যোগে মাদকের একটি বড় চালান নিয়ে নওগাঁ শহরের দিকে যাচ্ছিলো। সেখানে একটি ট্রাক্টরে তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় লুকিয়ে রাখা সাতশো ২০ গ্রাম হেরোইনসহ তাদের আটক করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটকরা দীর্ঘদিন থেকে অবৈধভাবে মাদক ব্যবসা করে আসছেন। তারা রাজশাহী ও চাপাইনবাবগঞ্জ এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে নওগাঁ, বগুড়ারসহ বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি মাদক বিক্রেতাদের কাছে বিক্রি করেন। তাদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে পত্নীতলা থানায় হস্তান্তর করা হয়েছে।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব জানান, এই দুই মাদক কারবারিকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।
একাত্তর/পিএজে/কেএসএইচ