নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে সরকারি কর্মকর্তা নিহত

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে এক সরকারি কর্মকর্তা নিহত হয়েছেন। শনিবার সকাল ছয়টার দিকে জেলা শহরের সরকার পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম প্রকাশ চন্দ্র রায় (৫৬)। তিনি জেলা শহরের দেবিরডাঙ্গা গ্রামের বাসিন্দা এবং ওই গ্রামের লাল মোহন বর্মণের ছেলে। প্রকাশ নীলফামারীতে সহকারী জেলা তথ্য কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। 

নীলফামারী পৌরসভার তিন নম্বর ওয়ার্ড কাউন্সিলর ময়নুল ইসলাম নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, প্রতিদিন সকালে তিনি হাঁটতেন। অন্য দিনের মতো এদিন সকালে বাড়ি থেকে বের হন। পরে ট্রেনে কাটা পড়ে মারা যাওয়ার খবর আসে।  

আরও পড়ুন: টেকনাফের দুর্গম পাহাড়ে অস্ত্র কারখানার খোঁজ, গ্রেপ্তার ছয়

সৈয়দপুর জিআরপি থানার উপ-পরিদর্শক মো. মনিরুজ্জামান বলেন, সকালে চিলাহাটি থেকে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে তিনি নিহত হন। মরদেহ উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।


একাত্তর/এসি