দিনাজপুরে লকডাউনের প্রথম দিনে ৪ জনের মৃত্যু

দিনাজপুরে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধের প্রথম দিন আজ। গেল ২৪ ঘন্টায় এ জেলায় করোনা আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দিনাজপুরে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৭১ জনে। 

বৃহস্পতিবার (১ জুলাই) জেলা সিভিল সার্জন ড. আব্দুল কুদ্দুস জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় ৩১৫ নমুনা পরীক্ষা করে ১৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। 

তবে দিনাজপুর জেলায় করোনা শনাক্তের হার কিছুটা কমে ৩৮ দশমিক ২২ শতাংশে দাঁড়িয়েছে। যা গতকাল ছিল ৪৩ দশমিক ০৩ শতাংশ। 

দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন ১৭০ জন করোনা রোগী। জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার ২১১ জনে। 

আরও পড়ুন: সাতক্ষীরায় করোনায় শনাক্ত ও মৃত্যুর হার উচ্চমুখি

দেশজুড়ে চলমান কঠোর বিধিনিষেধের প্রথম দিনে দিনাজপুরে সকাল থেকে মাঠে নেমেছে পুলিশ, বিজিবি এবং সেনাবাহিনীসহ অন্যান্য বাহিনীর সদস্যরা। শহরে টহল দেওয়া ছাড়াও অনুমোদনহীন বাহন চলচলে বাধা দিচ্ছেন তারা। পাশাপাশি স্বাস্থ্য বিধি ভঙ্গ এবং মোটর সাইকেলের যথাযথ কাগজপত্র না থাকায় অনেককে আর্থিক জরিমানাসহ কারাদন্ডের মত আইনি ব্যবস্থাও নিচ্ছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেটরা। 


একাত্তর/আরবিএস