জামালপুরে যমুনার পানি কমলেও বেড়েছে ব্রহ্মপুত্রের

জামালপুরে যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে কমতে শুরু করেছে। তবে পুরাতন ব্রহ্মপুত্র নদে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।

স্থানীয় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়, গত ২৪ ঘণ্টায় যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে ছয় সেন্টিমিটার কমলেও এখনও তা বিপদসীমার ২৪ সেন্টিমিটার উপর  দিয়ে প্রবাহিত হচ্ছে। 

অপরদিকে একই সময় পুরাতন ব্রহ্মপুত্র নদের জামালপুর ফেরিঘাট পয়েন্টে পানি বৃদ্ধি পেয়েছে ৯ সেন্টিমিটার। 

বন্যায় জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ ও মাদারগঞ্জ উপজেলার ১৮টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এসব এলাকার অন্তত ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়েছে। পানিবন্দি মানুষ বিভিন্ন আশ্রয় কেন্দ্র, সড়ক বাঁধ ও উঁচু স্থানে আশ্রয় নিয়েছে। 

বন্যায় ডুবে গেছে নিম্নাঞ্চলের সড়ক, ছয় হাজার ৫০০ হেক্টর জমির রোপা-আমন, বীজতলা ও সবজিসহ বিভিন্ন ফসল।

স্থানীয়া বলছেন, বন্যা দুর্গতদের মধ্যে সরকারি ত্রাণ তৎপরতা প্রয়োজনের তুলনায় একেবারেই কম।