লৌহজং নদী এখন মৃত খাল

দখল আর দূষণের কবলে টাঙ্গাইলের লৌহজং নদী। বিভিন্ন কারখানার বর্জ্য সরাসরি নদীতে ফেলায় দূষিত হচ্ছে নদীর পানি। এতে নদীর দু’পাড়ের পরিবেশ, প্রতিবেশ ব্যবস্থা বিপর্যয়ের মুখে পড়েছে। প্রভাব পড়েছে জলজ প্রাণির ওপর। 

টাঙ্গাইল শহরের পশ্চিম দিক দিয়ে বয়ে গেছে লৌহজং নদী। এক সময়ের খরস্রোতা এই নদীতে চলতো পাল তোলা নৌকা। এলাকার ব্যবসা বাণিজ্যের প্রসারে বড় ভূমিকা রেখেছে এই নদী কিন্তু প্রভাবশালীদের দখল আর দূষণের কারণে নদীটি এখন মৃত খালে পরিণত হয়েছে।

এলাকার মানুষ বলছেন, বিসিক শিল্প নগরীর বিভিন্ন কারখানাসহ আশপাশের কারখানাগুলোর দূষিত পানি আর বর্জ্য পরিশোধন না করেই ফেলা হচ্ছে নদীতে। আর কালো, দুর্গন্ধযুক্ত এই পানিতে পরিবেশ দূষিত হচ্ছে, মরে যাচ্ছে মাছসহ জলজ প্রাণি। 

পরিবেশবিদরা বলছেন, নদীর দু'পাশের পরিবেশ বিপর্যয়ের মুখে পড়েছে। আর চিকিৎসকরা বলছেন, দূষিত পানি ব্যবহারে মানুষ চর্মসহ নানা জটিল রোগে আক্রান্ত হচ্ছে।

এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর বলছে, কারখানার বর্জ্য পরিশোধনের বিষয়টি নিয়মিত মনিটরিং করা হচ্ছে। আর পৌর মেয়র সিরাজুল ইসলাম জানালেন সমস্যা সমাধানে শিগগিরই ব্যবস্থা নেয়া হবে। 

প্রকৃতি ও পরিবেশ সুরক্ষায় লৌহজং নদীর দখল ও দূষণ রোধ করার দাবি এলাকাবাসীর। তা-না হলে নদীর দু’পাড়ে মানবিক বিপর্যয় নেমে আসতে পারে বলে মনে করছেন পরিবেশবিদরা।