কালীগঞ্জে ইউএনও অফিসে হামলা, ভাঙচুর

গাজীপুরের কালীগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তার কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। ইউএনও’র দাবি উপজেলার মোক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেনের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন পাঁচ জন। তাদের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

শনিবার কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- ইউএনও’র গাড়ি চালক রুবেল, অফিস সহায়ক আনোয়ার, আনসার সদস্য আকরাম, বিআরডিপির সহকারী হিসাবরক্ষক লিটন, শিক্ষার প্রোগ্রামার উজ্জ্বল। তাদের মধ্যে আনসার সদস্য হাসপাতালে ভর্তি আছেন।

ইউএনও আজিজুর রহমান জানান, চেয়ারম্যান আলমগীর হোসেনের নেতৃত্বে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়া বিপুল সংখ্যক নেতাকর্মী অনেক  যানবাহন নিয়ে উপজেলা কমপ্লেক্সের ভেতর ঢুকে পড়েন। এসময় তাদের গাড়ি নিয়ে ঢুকতে নিষেধ করা হয়।  এরপরও নির্মাণাধীন গেট ভেঙে বিপুলসংখ্যক অটোরিকশা, মোটরসাইকেল, লেগুনা ইত্যাদি ভেতরে ঢুকে পড়ে। এতে বাধা দিলে তারা অফিসে ইট পাটকেল নিক্ষেপ ও নিচতলায় ও দোতলায় ভাঙচুর করা হয়

তিনি বলেন, এক পর্যায়ে চেয়ারম্যান আলমগীর হোসেনের নেতৃত্বে নেতাকর্মীরা আমাকে হেনস্তা করেন। এসময় আমাকে রক্ষায় এগিয়ে এলে পাঁচ জনকে মারধর করে আহত করা হয়। তাদের মধ্যে আনসার সদস্য মারাত্মক আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন।

তিনি আরও জানান, গাড়ি ঢুকতে  নিষেধ করায় আমাকে তারা বলেন, আমরা দেশ চালাই- আপনি কে? আমরা এখানে ১০-১২ বছর ধরে রাজনৈতিক কর্মকাণ্ড করছি।