পেপারমিলে গ্যাস লাইন লিকেজ, চার শ্রমিক দগ্ধ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাচঁপুরে আলনুর পেপার মিলে গ্যাস লাইন লিকেজ হয়ে চার নিরাপত্তাকর্মী দগ্ধ হয়েছেন। 

সোমবার রাত ১ টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে সোনারগাঁ ও ডেমরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। দগ্ধরা হলেন, আসাদুজ্জামান (৪০), মোস্তাফিজুর রহমান (৪৫), ফারুক নিয়া (৪৫) ও তৌহিদুল ইসলাম (৪০)।

আলনুর পেপার মিলস লিমিটেডের ইনচার্জ মো: কিবরিয়া জানান, সোমবার রাত ১ টায় গ্যাস লাইন লিকেজ হয়ে অগ্নিকান্ডের ঘটনা সময় আগুন নেভাতে গিয়ে চার নিরাপত্তাকর্মী মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে তিন জনের অবস্থা আশংকাজনক এবং প্রত্যেকের ৬৫ ভাগ পুড়ে যায়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারি পরিচালক তানহারুল ইসলাম জানান, রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দগ্ধদের ঢাকায় পাঠানো হয়েছে। গ্যাসের রাইজার থেকেই আগুনের সূত্রপাত। গ্যাস লিকেজ থেকে এমনটা হয়ে থাকতে পারে, তবে এখনো নিশ্চিত নয়।

এদিকে গ্যাস লাইন লিকেজ হওয়ায় কাচঁপুর এলাকায় আবাসিক গ্যাস সংযোগ বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

একাত্তর/ এনএ