মাত্র ছয় হাজার টাকার জন্য খুন!

মাত্র ৬ হাজার টাকার জন্য হত্যা করা হয় পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা যুবক সামিউল ইসলাম সয়নকে। বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড়ের পুলিশ সুপার এমএম সিরাজুল হুদা এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

এমএম সিরাজুল হুদা জানান, গত ৬ সেপ্টেম্বর আটোযারী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে চা খাওয়ার কথা বলে মোটরসাইকেলে সামিউল ইসলামকে নিয়ে যায় ঠাকুরগাঁওয়ের যুবক মুন্না ও মাসুদ রানা শুভ। পথে তাদের মধ্যে পাওনা টাকা নিয়ে বিতণ্ডা হয়। এসময় সয়নের মাথায় আঘাত করে মোটরসাইকেল থেকে ফেলে দেয়া অভিযুক্ত দু’জন।

পরে গুরুতর অবস্থায় স্থানীয়রা আহত সামিউলকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সয়নের মা বাদি হয়ে এ ঘটনায় মুন্না ও মাসুদের নাম উল্লেখসহ কয়েকজনকে অজ্ঞাতনামা করে মামলা করেন। পুলিশ অভিযুক্ত মাসুদকে গ্রেপ্তার করে।

পুলিশ সুপার জানান, মামলার প্রধান আসামি মুন্নাকে গ্রেপ্তারে অভিযান চলছে।