লক্ষ্মীপুর-৩ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে

লক্ষ্মীপুর ৩ (সদর) আসনের শূন্য পদে উপনির্বাচনে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ চলছে। রোববার সকাল আটটা থেকে আসনটির ১১৫ কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ কার্যক্রম শুরু হয়। ভোটগ্রহণ চলবে বিকেলে চারটা পর্যন্ত।

এ আসনে আওয়ামী লীগের গোলাম ফারুক পিংকু (নৌকা), জাতীয় পার্টির মোহাম্মদ রাকিব হোসেন (লাঙল), জাকের পার্টির সামছুল করিম খোকন (গোলাপ ফুল) ও এনপিপির সেলিম মাহমুদ (আম) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, গত ৩০ সেপ্টেম্বর বার্ধক্যজনিত কারণে লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল মারা যান। তার মৃত্যুতে ৪ অক্টোবর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩ হাজার ৭৪৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯ হাজার ৯৬ জন এবং নারী ভোটার ১ লাখ ৯৪ হাজার ৬৪৮ জন। ১২টি ইউনিয়নে মোট ১১৫ টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে।

লক্ষ্মীপুর-৩ শূন্য আসনে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা আঞ্চলিক কর্মকর্তা ফরহাদ হোসেন বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রিসাইডিং কর্মকর্তার পাশাপাশি ১৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৯৫০ জন পুলিশ, ১৪৯৫ জন আনসার ও ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়াও টহলে থাকবে র‌্যাবের সাতটি টিম। নির্বাচনে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

লক্ষ্মীপুর জেলার জেলা প্রশাসক সুরাইয়া জাহান ও পুলিশ সুপার তারেক বিন রশিদ জানান, লক্ষ্মীপুর উপনির্বাচন শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। কোন অনিয়ম হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।