ইজিবাইক থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু!

গাজীপুর সিটি করপোরেশনের বাংলাবাজার এলাকায় চলন্ত ইজিবাইক থেকে ছিটকে পড়ে রায়হান (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। 

বুধবার (৭ জুলাই) শহরের ভাওয়াল মির্জাপুর-রাজেন্দ্রপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে। 

নিহত রায়হান লক্ষ্মীপুর জেলার রামগতি থানার চরজিয়াউদ্দিন গ্রামের রাসেল মিয়ার ছেলে। বাইশ দিন আগে দাদীর সাথে গাজীপুরে ফুফুর বাসায় বেড়াতে আসে সে। 

আরও পড়ুন: গাজীপুরের ট্রাকের ধাক্কায় দুইজন নিহত

জানা যায়, সকালে দাদী ও ফুফুর সাথে ইজিবাইকে করে আরেক ফুফুর বাসায় বেড়াতে যাবার জন্য রওয়ানা হয়। এসময় বাইকটি হঠাৎ ব্রেক করলে কোল থেকে রাস্তায় পড়ে গিয়ে মাথায় আঘাত পায় রায়হান। পড়ে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় সেখানে মৃত্যু হয় তার।  

গাজীপুর মেট্রোপলিটন সদর থানার উপ-পরর্দিশক (এসআই) বশিরউদ্দিন জানান, হঠাৎ করে ইজিবাইক ব্রেক করলে রায়হান ইজিবাইক থেকে ছিটকে পাকা সড়কে পড়ে যায়। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে। পরে তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রায়হানের মৃত্যু হয়। 

এ ঘটনায় এলাকাবাসী ইজিবাইকসহ চালককে আটক করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালককে থানায় নিয়ে যায় বলেও জানান তিনি। 


একাত্তর/আরএইচ