মাগুরা-১ (সদর-শ্রীপুর) আসনের বর্তমান সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন ক্রিকেটার অলরাউন্ডার সাকিব আল হাসান।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু নাসের বেগের কাছে সাকিব মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমা শেষে শিখর বলেন, ‘নেত্রী (শেখ হাসিনা) যাকে নৌকা প্রতীক দেবেন আমরা তার জয়ের জন্য ঝাঁপিয়ে পড়বো।’
সাকিব বলেন, ‘আমি আর শিখর ভাই মিলে সবাইকে সঙ্গে নিয়ে মাগুরাকে নাম্বার ওয়ান বানাতে চাই।’
এ সময় তাদের সঙ্গে মাগুরা-২ আসনের সংসদ সদস্য বীরেন শিকদার, জেলা আওয়ামী লীগের সভাপতি অ.ফ.ম আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু, সহসভাপতি আবু নাসির বাবলুসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
২০১৮ সালের নির্বাচনে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন সাইফুজ্জামান শিখর। তার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব (এপিএস) ছিলেন তিরি। শিখরের বাবা মো. আছাদুজ্জামান মাগুরা-২ আসন থেকে চারবারের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শিখরের আসনে সাকিববে মনোনয়ন দেয় ক্ষমতাসীন আওয়ামী লীগ।