নারায়ণগঞ্জে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা হরতালের সমর্থনে মশাল মিছিল করেছে জেলা যুবদল। এসময় ককটেল বিস্ফোরণসহ একাধিক যানবাহন ও দোকানপাট ভাঙচুর করা হয়েছে। আগুন দেয়া হয়েছে একটি ট্রাক ও তিনটি কভার্ডভ্যানে। এ ঘটনায় ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল মাহমুদকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় কমপক্ষে ১৫ থেকে ২০টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে একাধিক যানবাহন ও দোকানপাট ভাঙচুর করেছে অভিযুক্তরা। এ ঘটনায় গাড়ির চালকসহ কয়েকজন আহত হয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, রাত সোয়া ৮টার দিকে ভোলাইল থেকে মশাল মিছিল শুরু হয়ে শাসনগাঁও পর্যন্ত যায়। সড়কে চলাচল করা ছোট-বড় মিলিয়ে ২০ থেকে ২৫টি যানে ও ১০ থেকে ১২টি দোকান ভাঙচুর করে মিছিলে থাকা ব্যক্তিরা। একপর্যায়ে একটি ট্রাক ও তিনটি কাভার্ডভ্যানের চাকায় আগুন জ্বালিয়ে দেয় তারা। তবে পুরো গাড়িতে আগুন ছড়িয়ে পড়ার আগেই গাড়ির চালকরা আগুন নেভাতে সক্ষম হন।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম মিয়া জানান, এ ঘটনায় ফতুল্লা থানার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল মাহমুদকে আটক করা হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
এদিকে গাজীপুরের টঙ্গীতে একটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতেই ওই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।