সাজা শেষে অটোরিকশা পেলেন দুইজন

সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতির সহায়তায় সিরাজগঞ্জ জেলা কারাগারে যাবজ্জীবন সাজাভোগ শেষে মুক্ত দুইজন কয়েদীকে পুনর্বাসনের লক্ষ্যে দুটি অটোরিকশা প্রদান ও কারাগারের ভেতরে মহিলা কয়েদীদের জন্য প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। 

সিরাজগঞ্জের জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান মুক্তিপ্রাপ্ত দুইজন কয়েদীকে অটোরিকশা প্রদান করেন এবং প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। জেলা প্রশাসক জানান, দীর্ঘদিন সাজাভোগের পর যারা কর্মহীন হয়ে পড়েন তাদের কর্মসংস্থানের জন্য উদ্যোগটি গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে তারা অপরাধ জগত থেকে দূরে থেকে নিজের পরিবার নিয়ে বাচবে এবং সামগ্রিকভাবে অর্থনীতি ও সমাজে অবদান রাখবে।

অনুষ্ঠানের বিশেষ অতিথি ও জেল সুপার সিরাজগঞ্জ জনাব এ এস এম কামরুল হুদা বলেন, কারাগারে মহিলা কয়েদীদের জন্য কোন প্রশিক্ষণ চালু ছিলো না, এই প্রশিক্ষণের পর তারা সাবলম্বী হবে, কারাগার থেকে বের হওয়ার পর তাদের কর্মসংস্থানের সৃষ্টি হবে।

অনুষ্ঠানের সভাপতি জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জনাব মো: তৌহিদুল ইসলাম বলেন শুধু প্রশিক্ষণই নয়, এর পাশাপাশি তাদেরকে সমাজসেবা অধিদপ্তরের সুদমুক্ত ক্ষুদ্রঋণের মাধ্যমেও পুনর্বাসন করা হবে।

অনুষ্ঠানের সঞ্চালক ও প্রবেশন কার্যালয়ের প্রবেশন অফিসার পল্লব ইবনে শায়েখ জানান, প্রশিক্ষণের মাধ্যমে কারাগারে আটক কয়েদীদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও যারা দীর্ঘদিন কারাগারে থাকার পর মুক্তি পায় তাদের বিভিন্নভাবে সহায়তা করা হয়।

এ সময় জেল সুপারের নিকট প্রশিক্ষণের উপকরণ সামগ্রী হস্তান্তর করা হয়।