শেরপুর সদরে চোরাচালানের মাধ্যমে আনা তিন ট্রাক ভারতীয় চিনিসহ চারজনকে আটক করেছে পুলিশ। এসময় জব্দ করা হয়েছে ১৫০ বস্তা ভারতীয় চিনি।
শনিবার সকালে সদর উপজেলার বলাইয়েরচর ইউনিয়নের আমতলী এলাকা থেকে ট্রাকগুলো জব্দ করা হয়।
আটকরা হলেন- চিনির মালিক মানিক মিয়া ও আইয়ুব আলী এবং ট্রাক চালক আনিস (২৮) ও নাজমুল হোসেন (২৩)।
পুলিশ জানায়, ময়মনসিংহের ধুবাউরা থেকে চোরাইপথে আনা ভারতীয় চিনি ভর্তি তিনটি মিনি ট্রাক জামালপুরে নিয়ে যাচ্ছিলেন অভিযুক্তরা। শনিবার সকালে ট্রাকগুলো শেরপুর সদরের আমতলী মোড়ে আসলে স্থানীয়রা সেগুলো আটক করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনটি মিনি ট্রাক ভর্তি ১৫০ বস্তা ভারতীয় চিনি জব্দ করে। এসময় চিনির মালিক মানিক, আইয়ুব আলী এবং ট্রাক চালক নাজমূল ও আনিসকে আটক করে পুলিশ।
পুলিশ আরও জানায়, আটক চিনির মালিক মানিক ও আইয়ুব আলী চিনির ট্রাকগুলো জামালপুরের লাঙ্গলজোরা নিয়ে যাচ্ছিলেন। দীর্ঘদিন ধরেই তারা ময়মনসিংহের ধুবাউড়া, হালুয়াঘাট ও শেরপুরের নালিতাবাড়ী থেকে ভারতীয় চিনি কেনা-বেচা করে আসছিলেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল বলেন, এ ঘটনায় সদর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।