টানা শৈত্যপ্রবাহে কাঁপছে পঞ্চগড়

টানা চারদিন ধরে পঞ্চগড়ের ওপর দিয়ে বয়ে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে উত্তরের এ জেলা। মঙ্গলবার সকাল ৯টায় পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

এর আগে সোমবার সকাল ৯টায় এ জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। আর রোববার একই সময়ে তাপমাত্রা ছিলো ১০ ডিগ্রি সেলসিয়াস।

তেঁতুলিয়া আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ গণমাধ্যমকে জানান, গত চারদিন ধরে এ জেলায় ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা রেকর্ড হওয়ায় মৃদু শৈত্যপ্রবাহ বইছে। ডিসেম্বর পর্যন্ত এ অঞ্চলে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। 

শীতের দাপটে দুর্ভোগ বেড়েছে সাধারণ মানুষের। রাত থেকে সকাল অবধি ঘন কুয়াশায় আচ্ছাদিত থাকছে পথঘাট। রোদ উঠলেও অনুভূত হচ্ছে তীব্র শীত। 

তীব্র শীতে সবচেয়ে বিপাকে পড়েছেন জেলার নিম্নআয়ের মানুষরা। খড়কুটো জ্বালিয়ে তারা শীত নিবারণের চেষ্টা করছেন। জীবিকার তাগিদে অনেকে আবার শীত উপেক্ষা করেই কাজে যাচ্ছেন। 

এদিকে জেলায় বাড়ছে শীতজনিত রোগের প্রকোপ। জেলা ও উপজেলার হাসপাতালগুলোতে আউটডোরে ঠান্ডাজনিত রোগীরা ভিড় করছেন।