শেরপুরের ঝিনাইগাতীতে টিউবওয়েল স্থাপনের পর থেকে চাপ ছাড়াই আপনা আপনি বের হচ্ছে পানি। এতে এলাকায় রীতিমত চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় আশপাশ ও দূর থেকে কৌতূহল মানুষ ভিড় করছে এমন কাণ্ড দেখতে। ঘটনাটি ঘটেছে উপজেলার ধানশাইল ইউনিয়নের ধানশাইল উচ্চ বিদ্যালয়ের বিএসসি শিক্ষক আব্দুল হাকিমের বাড়িতে।
এসময় কথা হয় তার সাথে। তিনি একাত্তরকে বলেন, ''আমাদের পুরোনো টিউবওয়েলটি নষ্ট হলে গত ৮ জুলাই নতুন একটি টিউবওয়েল স্থাপন করা হয়। কিন্তু টিউবওয়েল স্থাপনের পর থেকেই দেখি নিচ থেকে আপনা আপনি পানি উঠছে। এই দৃশ্য দেখে মিস্ত্রিরা টিউবওয়েলের মাথা পাইপ থেকে সরিয়ে ফেলে। এরপর খেয়াল করি, ঝরনার ফোয়ারার মতো পানি বের হচ্ছে। গত দু'দিন থেকে শনিবার (১০ জুলাই) পর্যন্ত টিউবওয়েল ছাড়া পানি ওঠার দৃশ্যটি দেখার জন্য এলাকার বিভিন্ন জায়গা থেকে লোকজন ভিড় করছে।
আরও পড়ুন: বিধিনিষেধ ভেঙে ব্রাহ্মণবাড়িয়ায় আর্জেন্টাইন সমর্থকদের মিছিল
আব্দুল হাকিমের ভাতিজা শহিদুল ইসলাম বলেন, ''টিউবয়েল ছাড়া পানি বের হওয়ার দৃশ্য সচরাচর দেখা যায় না। পানির এত চাপ, দেখে যে কেউ মনে করতে পারেন ইলেকট্রিক পাম্প দিয়ে পানি ওপরের দিকে তোলা হচ্ছে। কিন্তু আপনা আপনিই পানি উঠছে।''
ঝিনাইগাতীর কান্দুলী এলাকার বাসিন্দা রমজান আলী, সোবহান মিয়া ও রফিক মিয়া এসেছেন এমন কাণ্ড দেখতে। এসময় কথা হয় তাদের সাথে। তারা একাত্তরকে জানান, "আমরা ফেসবুকে দেখলাম একলা একলাই পানি বের হচ্ছে, এজন্য দেখতে আসলাম। অবশেষে দেখলাম পানি বের হচ্ছে।"
ঝিনাইগাতী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী রাধা বল্লভ একাত্তরকে বলেন, "শুকনো মৌসুমে সাধারণত পানির স্তর খুব নিচে চলে যায়। আর বর্ষা মৌসুমে বেশি বৃষ্টির কারণে পানির স্তর উপরে চলে আসে। ওই সময় নতুন টিউবয়েল স্থাপন করলে অনেক সময় নিচ থেকে পানির একটা চাপ তৈরি হয়। ফলে পাইপ দিয়ে টিউবওয়েল ছাড়াই পানি ওপরে চলে আসে।"
একাত্তর/এসজে