ফরিদপুর-৩ আসনের নির্বাচনী ক্যাম্প ভাংচুর ও কর্মী সমর্থকদেরকে কুপিয়ে ও পিটিয়ে আহতের ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে সংবাদ সম্মেলন করেছেন স্বতন্ত্র প্রার্থী এ. কে. আজাদ।
বুধবার দুপুরে শহরের ঝিলটুলি এলাকায় এ.কে. আজাদের নিজ বাসায় এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। অপরদিকে একই সময় ফরিদপুর প্রেসক্লাবে স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে সংবাদ সম্মেলনে করেন নৌকার প্রার্থী শামিম হক।
পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসনটির নৌকার প্রার্থী শামিম হক বলেন, বিএনপির এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে আওয়ামী লীগ নেতা-কর্মীদের উপর হামলা, মামলা ও স্বতন্ত্র প্রার্থী তার অভ্যন্তরীন কোন্দলের দায়ভার আওয়ামী লীগ কর্মীদের উপর চাপানো এবং নির্বাচন ভুন্ডুলের অপচেষ্টা করছেন তার প্রতিদ্বন্দ্বী।
এদিকে, 'আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামীম হকের প্রার্থিতা বাতিল করা উচিত', উল্লেখ করে এ. কে. আজাদ বলেন, শামীম হকের পক্ষে ফরিদপুরের শীর্ষ চিহ্নিত সন্ত্রাসীরা আমার কর্মীদেরকে রামদা দিয়ে কুপিয়ে জখম করেছে। আমার নারী কর্মীদের নানাভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। ঈগল মার্কার প্রচার-প্রচারণায় যারা কাজ করছেন তাদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি ধামকি দেওয়া হচ্ছে।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট সুবল সাহা, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য বিপুল ঘোষ, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেনসহ স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।