ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার শিবনগর গ্রামের একটি মেহগনি বাগান থেকে এক নবজাতক কন্যাকে উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (১১ জুলাই) দুপুর দুইটার দিকে তাকে উদ্ধার স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক জাকারিয়া মাসুদ জানান, আজ রোববার দুপুরে রেহেনা খাতুন নামে এক নারী কাশিপুর থেকে হেঁটে শিবনগর এলাকায় আসছিল। পথিমধ্যে শিবনগর এলাকার অনিল পালের মেহগনি বাগানের মধ্যে এক নবজাতকের কান্নার শব্দ শুনতে পান তিনি। এ সময় বাগানে নবজাতককে পড়ে থাকতে দেখে কোলে তুলে নেন। পরে পুলিশকে জানালে পুলিশ নবজাতককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে শিশুটি শিবনগর এলাকার রিমা খাতুনের জিম্মায় আছে।
তবে কে বা কারা নবজাতকটিকে ফেলে রেখে গেছে সেটি তদন্ত করে দেখা হচ্ছে।
এবিষয়ে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রিংকু হোসেন জানান, নবজাতকটি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে। তাকে অক্সিজেন দেওয়া হয়েছে। আশা করি দ্রুতই সুস্থ হয়ে উঠবে শিশুটি।
একাত্তর/এআর