চট্টগ্রামে নতুন ধরণের মাদক ক্রিস্টাল মেথ’র ৯৭৫ গ্রামের একটি চালানসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার (১৩ জুলাই) সকালে উদ্ধার অভিযান নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাব জানিয়েছে, উদ্ধার হওয়া মাদকের বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা।
আট মাস আগে মাছ ব্যবসার আড়ালে এসব মাদক টেকনাফ থেকে চট্টগ্রামে নিয়ে আসেন রুবেল নামে এক যুবক। পরে তার তিন সহযোগী শহীদুল ইসলাম, কাজী আমিনুর রশিদ ও সাইমন তারেককে মাদক বিক্রির দায়িত্ব দিয়ে সৌদি আরব চলে যান।
আরও পড়ুন: বন্ধুর বাড়িতে বেড়াতে এসে রহস্যজনক মৃত্যু!
সোমবার (১২ জুলাই) রাতে চট্টগ্রামের পাথরঘাটা এলাকায় তিন সহযোগী এসব মাদক বিক্রির চেষ্টাকালে র্যাবের হাতে ধরা পড়ে।
র্যাব-৭ এর অধিনায়ক মশিউর রহমান জানান, ক্রিস্টাল আইস মাদক মূলত মিয়ানমার হয়ে বাংলাদেশে ঢুকছে। স্কুল কলেজের শিক্ষার্থীদের টার্গেট করেই মূলত এসব মাদক নিয়ে আসা হচ্ছে। বেশী লাভের আশায় অন্য পেশা ছেড়ে এ মাদক ব্যবসায় জড়িয়ে পড়ছেন অনেকে।
গ্রেপ্তারদের মধ্যে আমিনুর রশীদও একটি ব্যাংকের চাকরি ছেড়ে মাদক ব্যবসায় জড়িত হন বলে জানান তিনি।
একাত্তর/এসজে