মানিকগঞ্জের পাটুরিয়ায় পদ্মা নদীতে ফেরি ডুবির ঘটনায় উদ্ধার অভিযানের পঞ্চম দিনে নদী থেকে আরও একটি ট্রাক উদ্ধার করেছে হামজা। এ নিয়ে উদ্ধার হওয়া ট্রাকের সংখ্যা দাঁড়ালো চারে।
রোববার সকাল ১০টা থেকে উদ্ধারকারী জাহাজ প্রত্যয় পঞ্চম দিনের কাজে হাত দিলেও অতলে ডুবে আছে ফেরি রজনীগন্ধা। এখনও নিখোঁজ রয়েছেন ফেরির সহকারী মাস্টার হুমায়ুন আহমেদ।
এদিকে ফেরির মধ্যে থাকা ৯টি ট্রাকের মধ্যে এখনও পাঁচটি ট্রাকের অবস্থান শনাক্ত করতে পারেনি ডুবুরি দল।
বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা জানান, ফেরির নিচের অংশে বাতাস দিয়ে ফেরিটিকে তোলার চেষ্টা চলছে। তবে ফেরিটিতে বেশ কয়েকটি ফাটল থাকায় এয়ার লিফটিং ব্যফেরির একপাশে মোটা তার পরানো হয়েছে। অন্যপাশেও পরানোর কাজ চলছে। এছাড়া ডুবন্ত ট্রাকগুলো শনাক্ত করতে ঝিনাই-১ নামের আরও একটি উদ্ধারকারী জাহাজ আনা হচ্ছে। সেটি এলে মাল্টি ভিম ইকো সাউন্ডের মাধ্যমে নদীর তলদেশ থেকে শনাক্ত করার কাজ শুরু হবে।
এর আগে গত বুধবার (১৭ জানুয়ারি) দৌলতদিয়া ঘাট থেকে ছেড়ে আসা ফেরি রজনীগন্ধা সকাল আটটার দিকে পাটুরিয়া পাঁচ নম্বর ফেরি ঘাটের অদুরে নোঙ্গর করা অবস্থায় ছোট-বড় ৯টি যানবাহন এবং চালক-সহকারীসহ ২১ জন নিয়ে ডুবে যায়।
এ ঘটনায় ২০ জনকে জীবিত উদ্ধার করা হলেও ফেরির সহকারী ইঞ্জিনচালক হুমায়ন কবির এখনও নিখোঁজ রয়েছেন।
ফেরি ডোবার কারণ অনুসন্ধানে জেলা প্রশাসন ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ-বিআইডব্লিউটিএ গঠিত দুটি তদন্ত কমিটি কাজ করছে। সাত কর্মদিবসের মধ্যে কমিটির তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।