করোনায় আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশের আট জেলায় ৮৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কুষ্টিয়ায় ১৭, চুয়াডাঙ্গায় ৫, ময়মনসিংহে ২২, মৌলভীবাজারে ৩, ঠাকুরগাঁওয়ে ৪, খুলনায় ১৩, রাজশাহীতে ২০ ও নেত্রকোনায় ৪ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২০ জুলাই) একাত্তর সংবাদদাতাদের পাঠানো খবরে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।
কুষ্টিয়া প্রতিবেদক জানান, জেলায় ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ১৪ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও তিনজনের। ফলে জেলায় মোট করোনায় মৃত্যুর সংখ্যা হলো ৪৬৬। গত ২৪ ঘণ্টায় পিসিআর ল্যাবে ১২৬২টি টেস্টে ৪২১ জনের করোনায় শনাক্ত হয়। যা শতকরার হিসেবে ৩৩.৩৯ শতাংশ।
অন্যদিকে চুয়াডাঙ্গায় ২৪ ঘণ্টায় করোনায় ৪ জনের মৃত্যু ও উপসর্গে নিয়ে একজনের মৃত্যু হয়েছে। জেলায় মোট মৃত্যু ১৬৫। সোমবার ৩৫৭ জনের নমুনা পরীক্ষা করোনা শনাক্ত হয়েছে ৭৯ জনের। পরীক্ষার বিবেচনায় শনাক্তে হার ২২.১২ শতাংশ। এযাবৎ জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৫২৪ জন। ২৪ ঘণ্টায় নতুন করে ১৩৮ জন সুস্থ হয়েছেন। জেলায় সংক্রমণের পর মোট সুস্থ হয়েছেন ৩ হাজার ২৯৫ জন।
ময়মনসিংহ মেডিকেলে করোনায় ৭ জন ও উপসর্গে ১৫ জনসহ মোট মারা গেছেন ২২ জন। করোনায় মৃতদের মধ্যে ময়মনসিংহের তিনজন, নেত্রকোনার দুইজন, টাঙ্গাইল ও জামালপুরের একজন করে রয়েছেন। এদের মধ্যে পাঁচজন পুরুষ ও দুইজন নারী। গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেলে নতুন ৫৫ জন ভর্তিসহ চিকিৎসা নিচ্ছেন ৩৯২ জন। এরমধ্যে আইসিইউতে রয়েছেন ২১ জন। ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘণ্টায় ৯২৪টি নমুনা পরীক্ষায় নতুন করে শনাক্ত হয়েছে ২০১ জন।
মৌলভীবাজারে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন তিনজন। জেলায় মোট মৃত্যুবরণ করেছেন ৪৭ জন।
ঠাকুরগাঁওয়ে তিন মহিলাসহ করোনায় নতুন করে চারজনের মৃত্যু হয়েছে। জেলায় মোট মৃত্যু ১৩৭। ২৪ ঘণ্টায় ২০৩ নমুনা পরীক্ষায় পজেটিভ ৭০। জেলায় মোট করোনা রোগী শনাক্ত হলো ৫ হাজার ২৭৭ জন। নতুন করে সুস্থ হয়েছেন ৯১ জন। এ পর্যন্ত সুস্থ ২৬৬৭ হয়েছেন জন।
গত ২৪ ঘণ্টায় খুলনায় নতুন করে আরও ১৬৬ করোনা রোগী শনাক্ত হয়েছে। এ সময়ে মারা গেছেন ১২ জন। উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে একজনের। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছেন ৩০৯টি। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৫৩ শতাংশ। ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন ১০০ জন। নতুন করে খুলনার পাঁচটি হাসপাতালে ভর্তি হয়েছেন ৭১ জন।
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ২০ জনের মৃত্যু হয়েছে। সোমবার (১৯ জুলাই) সকাল ৮টা থেকে মঙ্গলবার (২০ জুলাই) সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তাদের মৃত্যু হয়। এর আগের দিন এ হাসপাতালের করোনা ইউনিটে ১৪ জনের মৃত্যু হয়েছিল। ফলে রামেক হাসপাতালে আবারও মৃত্যু বেড়েছে। মঙ্গলবার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নতুন করে মারা যাওয়া ২০ জনের মধ্যে চারজন করোনা পজিটিভ রোগী ছিলেন। এছাড়া জ্বর ও শ্বাসকষ্টসহ বিভিন্ন উপসর্গ নিয়ে হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় বাকি ১৬ জনের মৃত্যু হয়েছে। নমুনা পরীক্ষার আগেই তাদের মৃত্যু হয়েছে। করোনা ইউনিটে মৃত ২০ জনের মধ্যে রাজশাহী জেলার আটজন, চাঁপাইনবাবগঞ্জের দু’জন, নাটোরের পাঁচজন, নওগাঁর দু’জন ও পাবনার তিনজন।
আরও পড়ুন: রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় বাবা, মেয়ে ও ছেলের মৃত্যু
নেত্রকোণায় ১৫৯ জনের নমুনা পরীক্ষায় গত ২৪ ঘণ্টায় আরও ৫১ জনের শনাক্ত হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে আরও ৪ জন। এর মধ্যে তিনজন পুরুষ এবং একজন নারী। এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে মোট ৫৯ জনের। করোনা নতুন আক্রান্তদের মধ্যে জেলা সদরে ১৩ জন, দুর্গাপুরে ১২ জন, মোহনগঞ্জে ১১ জন, পূর্বধলায় ২ জন, বারহাট্টায় ৮ জন, মদনে ২ জন, আটপাড়ায়, কেন্দুয়ায় ও কলমাকান্দায় একজন করে রয়েছেন। জেলায় ২২ হাজার ৭৭৬টি নমুনা পরীক্ষায় ২ হাজার ৭৭৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
একাত্তর/আরএ