নেত্রকোণার কলমাকান্দায় দুর্বৃত্তদের অস্ত্রের আঘাতে সেনারুল (২৬) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশা চালক খুন হয়েছে।
সোমবার (১৯ জুলাই) প্রায় রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কলমাকান্দা-ঠাঁকুরাকোণা সড়কের আশারানি কুতিগাঁও নামকস্থানের এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করে মঙ্গলবার (২০ জুলাই) সকালে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহতের বাবা কাদির মন্ডল বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে কলমাকান্দা থানায় একটি হত্যা দায়ের করেছেন। সেনারুল উপজেলার পোগলা ইউনিয়নের পাবই গ্রামের কাদির উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন ব্যাটারিচালিত অটোরিকশা চালক ছিলেন। সেনারুল দুই সন্তানের জনক।
নিহতের মামাতো ভাই হাবিবুর ইসলাম রাকিব জানান, কে বা কারা সেনারুলকে মোবাইল ফোনে ডাকলে তিনি অটোরিকশা নিয়ে বের হন। এরপর তাকে হত্যা করা হয়। অটোরিকশাটি ঘটনাস্থলেই আছে। পরিকল্পনা-মাফিক এ খুন করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঠাঁকুরাকোণা থেকে আরেক অটোরিকশা চালক এ পথ দিয়ে যাওয়ার সময় সেনারুলকে কলমাকান্দা-ঠাঁকুরাকোণা সড়কের আশারানি কুতিগাঁও নামকস্থানে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এময় তার চিৎকারে স্থানীয়রা জড়ো হয়ে সেনারুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো. মনিরুজ্জামান একাত্তরকে জানান, রাত সোয়া ১০টার দিকে সেনারুলকে মৃত অবস্থায় হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসেন কয়েকজন। তার হাত, পা, পিঠসহ শরীরের বিভিন্নস্থানে কোপানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মৃত্যু নিশ্চিতে দুর্বৃত্তরা তার গলা চেপে ধরে রেখেছিলো।
নেত্রকোনার পুলিশ সুপার মো. আকবর আলী মুন্সী জানান, ঘটনাস্থলে ঊর্ধ্বতন কর্মকর্তাসহ থানা পুলিশ ও ডিবি যৌথভাবে কাজ করছে।
আরও পড়ুন: করোনায় ২৪ ঘণ্টায় ৮ জেলায় ৮৮ মৃত্যু
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ খান একাত্তরকে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
একাত্তর/আরএ