বরিশালের উজিরপুরে প্রতিপক্ষের সাথে জমি নিয়ে বিরোধের জের ধরে দেশীয় অস্ত্রের কোপে মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন তালুকদার নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৯ জুলাই) সকালে উজিরপুরের আটিপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
এঘটনায় গুরুতর আহত হয়েছে দেলোয়ার হোসেনের তিন ছেলে জুয়েল, সোহাগ, বিপ্লব এবং বিপ্লবের স্ত্রী রোজিনা বেগম। এর মধ্যে বিপ্লবকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
আরও পড়ুন: কদমতলীতে গার্মেন্টসকর্মী গণধর্ষণ: গ্রেপ্তার ২
পুলিশ জানিয়েছে, নিহত মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন তালুকদারের সাথে পার্শ্ববর্তী আজগর সিপাহি, জলিল সিপাহিদের সাথে জমি নিয়ে বিরোধ চলছিল। বিরোধের জমিতে ধান লাগাতে গেলে বাধা দিলে আজগর এবং জলিল সিপাহিসহ ৮ থেকে ১০ জন দেশীয় অস্ত্র দিয়ে দেলোয়ার হোসেন ও তার ছেলেদের উপর হামলা চালায়।
এরপর গুরুতর আহত মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন তালুকদারকে শেরেবাংলা মেডিক্যালে আনার পর তিনি মারা যান।
বরিশাল জোনের পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তদের ধরার জন্য চেষ্টা চালাচ্ছে পুলিশ।
একাত্তর/এসজে