মুন্সিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধ পাঁচ

মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। 

বুধবার রাত ৯টার দিকে মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সীকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। 

গুলিবিদ্ধ বাবুল ব্যাপারী (৪৭), ইখতিয়ার ব্যাপারী (২৬), আব্দুর রব (৫৫), মহিউদ্দিন শেখ (৩৪) ও আসলাম মোল্লাকে (৫০) মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে ঢাকায় নেয়া হচ্ছে। 

মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিপন পাটোয়ারির গ্রুপের উজির আলীর লোকজন সাবেক চেয়ারম্যান মোহসিনা হক কল্পনা গ্রুপের শওকতের লোকদের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রিপন সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কল্পনা সদর উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে রিপন পাটোয়ারি ও কল্পনা পক্ষের মধ্যে আগে থেকেই বিরোধ রয়েছে। এর জের ধরে বুধবার রাতে রিপন পক্ষের উজির আলীর সমর্থক প্রায় ১০ জনের একটি সংঘবদ্ধ দল মুন্সীকান্দি এলাকায় অবস্থানরত প্রতিপক্ষ কল্পনা গ্রুপের শওকতের সমর্থকদের ওপর হামলা ও গুলিবর্ষণ করে। এতে গুলিবিদ্ধ হয় শওকত-কল্পনা পক্ষের পাঁচজন। 

পরে স্থানীয়রা গুলিবিদ্ধ ও আহতদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠান।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এস এম কালাম প্রধান জানান, পাঁচজন গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে এসেছিলেন। তাদের হাতে পায়ে বিভিন্ন স্থানে গুলির আঘাত রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খায়রুল হাসান বলেন, পূর্ব বিরোধের জেরে হামলায় গুলিবিদ্ধের খবর পাওয়া গেছে। খবর পেয়ে তাৎক্ষিক ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। উজির আলীর বিরুদ্ধে হামলার অভিযোগ পেয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে।