ঢাকাসহ চার জেলায় সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত কারফিউ শিথিল

বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় বিশৃঙ্খল পরিস্থিতি মোকাবিলায় ঢাকা জেলা ও মহানগর, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে কারফিউ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

শনিবার রাতে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। বলেন, ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে রোববার থেকে সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে।

এর আগে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী।

স্বরাষ্ট্র এসময় বলেন, জামায়াতে ইসলাম ও বিএনপি সবসময় ধ্বংসাত্মক কাজে লিপ্ত ছিলো। শুরু থেকেই তারা দেশকে অকার্যকর করতে চেয়েছিলো। যে কারণে ছাত্রদের কাছে আহ্বান, তারা যাতে লেখাপড়ায় ফিরে যান। কারণ তাদের সব দাবি পূরণ করা হয়েছে। এরপরেও যদি তাদের কোনো দাবি থাকে তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দরজা সবসময় খোলা আছে।

তিনি বলেন, আমি স্পষ্ট করে বলে দিই, আমাদের শোকের মাস চলছে। ২১ আগস্ট গ্রেনেড হামলার মাস। মাসটিকে শোকের মাস হিসেবে পালন করি। বঙ্গবন্ধু শাহাদতবরণ করার পর থেকে এটা চলছে।