ব্যবসায়ীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুট

পটুয়াখালী সদর উপজেলায় এক হোটেল ব্যবসায়ীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

রোববার দুপুরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন লাউকাঠি বাজারের ভুক্তভোগী ব্যবসায়ী মো. রহমত মিয়া। তিনি এ ঘটনায় পটুয়াখালীর সেনাবাহিনী ক্যাম্পে লিখিত অভিযোগ দিয়েছেন।

রহমত মিয়া জানান, তার বাবার জমিতে তিনি ও তার ছোট ভাই বাড়ি বানিয়েছিলেন। জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। রোববার ১৫ থেকে ২০ জন দুর্বৃত্ত তাদের বাড়িতে হামলা চালায়।

এসময় ঘরে ঢুকে আসবাবপত্র ভাঙচুর করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় অভিযুক্তরা। পরে ভেকু মেশিন দিয়ে রহমত মিয়া ও তার ছোট ভাইয়ের বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়।

potuakhali1

তিনি আরও জানান, জমি সংক্রান্ত বিরোধের বিষয়ে পটুয়াখালী সিনিয়র সহকারী জজ আদালতে একটি মামলা চলমান রয়েছে। আদালত ওই মামলায় স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন, তারপরও এই হামলার ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, হামলাকারীরা বাড়িতে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায় ও লুটপাট করে বিভিন্ন জিনিস নিয়ে যায়।

পটুয়াখালী সদর থানার ওসি মো. জসিম জানান, হামলার অভিযোগ পেয়েছেন। বিষয়টি তদন্তাধীন রয়েছে। জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।