মানিকগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত তিন

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের শিবালয় উপজেলার বোয়ালী ব্রিজ এলাকায় গার্মেন্টস কর্মীবাহী একটি মিনিবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন, আহত হয়েছে কমপক্ষে আরও ২০ জন। 

বরংগাইল হাইওয়ে পুলিশের ওসি মো. ইব্রাহিম জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় গার্মেন্টস কর্মীবাহী মিনিবাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়, আর ট্রাকটি পার্শবর্তী খাদে পড়ে যায়। 

দুর্ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেয়ার পর আরো দুইজন মারা যায় বলেও তিনি জানান। 

নিহতরা হলেন, শিবালয় উপজেলার ঝিকুটিয়া গ্রামের বাতেনের স্ত্রী ফুলমতি (৩৫), একই উপজেলার তেওতা ইউনিয়নের মোঃ সাব্বির হোসেনের স্ত্রী সাবিনা আক্তার (২২), একই ইউনিয়নের নারায়ন তেওতা গ্রামের ইকবাল হোসেন এর স্ত্রী বিথী আক্তার (৩৫)।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস কর্মী , হাইওয়ে পুলিশ ও থানা পুলিশ ও স্থানীয় মানুষের সহায়তায় হতাহতদের উদ্ধার করে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মানিকগঞ্জ জেলা হাসপাতালে পাঠায়।

শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের জরুরী বিভাগের কত্যর্বরত চিকিৎসক শাম্মী আক্তার জানান, আহত বিশজনকে তারা চিকিৎসা সেবা দিয়েছেন। এছাড়া হাসপাতালে আনার আগেই দুই নারী গার্মেন্টস কর্মী মারা গেছেন।