সারাদেশের মতো নেত্রকোণার দুর্গাপুরেও চলছে গণটিকাদান কার্যক্রম। সকাল থেকে উপজেলার ছয়টি ইউনিয়নে একযোগে শুরু হয়েছে এ কার্যক্রম। দুপুরে সদর ইউনিয়নের আগার অনির্বাণ শিক্ষা নিকেতন কেন্দ্রে টিকা নিয়েছেন ১০৫ বছর বয়সী আমেনা খাতুন।
শনিবার (৭ আগস্ট) দুপুরে সদর ইউনিয়নের আগার অনির্বাণ শিক্ষা নিকেতন কেন্দ্রে ছেলের হাত ধরে টিকা নিতে আসেন চরলেংগুড়া গ্রামের আমেনা খাতুন। টিকা নেওয়ার পর স্বাভাবিকভাবেই বাড়ি ফিরে যান তিনি।
টিকা প্রদান কার্যক্রম পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসারসহ টাস্কফোর্স সদস্যরা। কেন্দ্রে আশা বৃদ্ধ অসুস্থ নারীদের প্রতিটি কেন্দ্রে নিয়ে বিশেষ ব্যবস্থা করে দেন তারা।
উপজেলা নির্বাহী অফিসার রাজিব উল আহসান জানান, কেন্দ্রে আশা বৃদ্ধ অসুস্থ নারীদের জন্য বিশেষ ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আদিবাসী নারী-পুরুষরাও টিকা গ্রহণ করছেন। বিধিনিষেধ মেনে স্বাভাবিক নিয়মেই চলছে গণটিকা কার্যক্রম।
আরও পড়ুন: ফিলিস্তিনে ফের ইসরাইলি বিমান হামলা
এ ইউনিয়নের পাহাড় ঘেষা গ্রামগুলোর আদিবাসীদের মাঝেও টিকা গ্রহণে উৎসাহ লক্ষ্য করা গেছে। ডাহাপাড়া গ্রামের ৯০ বছর বয়সী আদিবাসী নারী মিহিন মারাকসহ আদিবাসী নারী-পুরুষদের উপস্থিতি ছিল লক্ষ্য করার মতো।
উপজেলার সীমান্তবর্তী দুর্গাপুর ও কুল্লাগড়া ইউনিয়নে নারীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। বৈরী আবহাওয়া ও কাঁদাজল উপেক্ষা করে টিকা নিতে আসেন অনেকে।
একাত্তর/আরবিএস