মানিকগঞ্জ জেলা কোভিড ডেডিকেটেড হাসপাতালে ২৫০টি শয্যা থাকলেও তিনশোরও বেশি রোগী ভর্তি আছে। অক্সিজেনের অভাবে প্রতিদিন তিন থেকে চার জন রোগী মারা যাচ্ছে বলে অভিযোগ স্বজনদের। তবে খুব দ্রুত অক্সিজেন সরবরাহ বাড়ানোর কথা জানিয়েছে জেলা করোনা প্রতিরোধ কমিটি।
করোনার শুরু থেকে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ১০০ শয্যা ব্যবহার করা হচ্ছিল কোভিড ডেডিকেটেড হাসপাতাল হিসেবে। কিন্তু বর্তমানে জেলায় উদ্বেগজনক হারে সংক্রমণ ও মৃত্যু বাড়ায় পুরো হাসপাতালকেই আনা হয়েছে কোভিড চিকিৎসার আওতায়। ভর্তি আছেন তিন শতাধিক রোগী ।
হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার রয়েছে ২০৯টি, হাইফ্লো ন্যাজাল ক্যানোলা ১০টি ও কনসেনট্রেটর রয়েছে ২২ টি। রোগী বিবেচনায় অক্সিজেনের এই সরঞ্জমান অনেক কম। অক্সিজেনের অভাবে অনেক রোগী মারা যাচ্ছেন বলে অভিযোগ করেছেন স্বজনরা।
এদিকে প্রতিদিন হাসপাতলে ৩০ থেকে ৪০ জন রোগীদের ভর্তি হচ্ছে। পর্যাপ্ত লোকবল না থাকায় সকলের চিকিৎসা নিশ্চিত করতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের । খুব শিগগিরই আরো অক্সিজেন সামগ্রী পাওয়া যাবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক আবদুল লতিফ। পরীক্ষা বিবেচনায় মানিকগঞ্জে করোনা শনাক্তের হার প্রায় ৩০ শতাংশ।