আওয়ামী লীগকে আমরা দল হিসেবে নিষিদ্ধ করার বিপক্ষে, তবে তাদের ১৬ বছরের যে দুর্নীতি, অপকর্ম, দুঃশাসন হয়েছে তার বিচার চাই, এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি অধ্যাপক শাহজাহান আলী মিঞা।
সোমবার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, আওয়াামী লীগ উন্নয়নের নামে মেগা প্রকল্প হাতে নিয়েছিলো এবং মেগা দুর্নীতি করেছিলো, যার কারণে আজ তাদের দেশ ছাড়তে হয়েছে।
নিবাচন প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগের অধীনে যে তিনটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সবকটিই প্রশ্নবিদ্ধ। আওয়ামী লীগ শুধু দুর্নীতি করেনি তারা গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে। বিরোধী দলগুলো দমন করতে গিয়ে তারা গণহত্যায় মেতে উঠেছে। তাই দলটির নেতাকর্মীদের বিচার হওয়া উচিত।
সোমবার বিকেলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা ও পৌর যুবদল আয়োজিত যুবসমাবেশে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আলী আহম্মেদ বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের আহবায়ক তবিউল ইসলাম তারিফ। এ সময় আরও বক্তব্য রাখেন সাবেক ভাইস চেয়ারম্যান শহিদুল হক হায়দারী, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল বাশার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম, পৌর বিএনপি সভাপতি মো: শফিকুল ইসলাম, উপজেলা বিএনপি সাধারন সম্পাদক মো: সারওয়ার জাহান সেন্টু সহ উপজেলা ও পৌর বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।