নানীর বাড়িতে আর বেড়াতে যাওয়া হলো না শিশু মীম আক্তারের (১০)। নানী বাড়ি যাওয়ার পথে বুড়িতিস্তা নদী পার হওয়ার সময় গভীর পানিতে ডুবে লাশ বাড়ি ফিরতে হলো শিশু মীমকে।
সোমবার (৯ আগস্ট) সকালে নীলফামারীর জলঢাকা উপজেলায় ডাউয়াবাড়ী ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। মীম আক্তার একই উপজেলার শৌলমারী ইউনিয়নের মাস্টারপাড়া গ্রামের হালিমুর ইসলামের মেয়ে।
পারিবারিক সূত্র জানান, শিশু মীম মানসিক রোগে ভুগছিল। সোমবার সকাল ১১টার দিকে বুড়িতিস্তা নদীর ওপারে ডাউয়াবাড়ী ইউনিয়নের কলোনীপাড়া গ্রামে সম্পর্কে এক নানীর বাড়ীতে বেড়াতে যাওয়ার জেদ ধরে সে।
এরপর জেদ করে একাই বাড়ী থেকে বের হয়ে বুড়িতিস্তা নদী পার হওয়ার সময় নদীতে ডুবে তার মৃত্যু হয়।
আরও পড়ুন: চুরি করে আটক ছেলে, সম্মান হারানোর ভয়ে বাবার আত্মহত্যা
ডাউয়াবাড়ী ইউনিয়ন পরিষদের ৪নম্বর ওয়ার্ডের সদস্য মো. আব্দুল মালেক জানান, দুপুরে নদীতে ভাসতে দেখে এলাবাসী শিশুটির মরদেহ করে। পরে তার পরিচয় জানার পর পরিবারের কাছে খবর দেয়।
শৌলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রাণজিৎ কুমার রায় পলাশ বলেন, ‘শিশু মীম আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশের উপস্থিতিতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
জলঢাকা থানার উপ-পরিদর্শক আব্দুল হামিদ ঘটনাটি নিশ্চিৎ করে বলেন, ‘সাঁতরিয়ে নদী পার হতে গিয়ে পানিতে ডুবে শিশু মীম আক্তারের মৃত্যু হয়।’
সে মানসিক রোগে ভুগছিল বলে জানিয়েছেন তার বাবা হালিমুর রহমান।