আইসিইউর অভাবে মাগুরা হাসপাতালে দুর্ভোগ

মাগুরার সদর হাসপাতালে আইসিইউ ব্যবস্থা নেই। অথচ প্রতিদিনই বাড়ছে রোগী। মুমূর্ষু রোগীরা চিকিৎসা নিতে এসে পড়ছেন দুর্ভোগে। 

কেউ কেউ উন্নত চিকিৎসার জন্য অন্য জেলায় গেলেও অনেকেই হাসপাতালে মারা যাচ্ছেন। এ অবস্থায় করোনা আক্রান্ত রোগীদের নিয়ে বিপাকে পড়ছেন স্বজনরা। 

মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে তিনটি করোনা ওয়ার্ড। যেখানে ৯০টি বেড, কিন্তু গড়ে প্রতিদিন ৭০ থেকে ৮০ জন রোগী ভর্তি হচ্ছেন। 

সাধারণ বেড তো নেই, হাসপাতালে নেই আইসিইউ ব্যবস্থাও। যে কারণে করোনা ওয়ার্ডে প্রতিদিন তিনজন করে রোগীর মৃত্যু হচ্ছে।  

রোগীর স্বজনরা বলছেন, মুমূর্ষ রোগীদের নিয়ে সবচেয়ে বেশি বিপাকে পড়তে হচ্ছে। তবে যাদের সামর্থ্য আছে তারা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় চলে যাচ্ছেন। কিন্তু যারা হাসপাতালে থাকছেন তারা চিকিৎসার খরচও বইতে পারছেন না। 

আরও পড়ুন: চট্টগ্রামে সংক্রমণ বাড়ছে, কমছে সচেতনতা

স্বজনদের আরও অভিযোগ, করোনা ওয়ার্ড গুলোতে মানা হচ্ছেনা স্বাস্থ্যবিধি। বেশি মানুষের ভিড়ে সংক্রমণের ঝুঁকি আরও বাড়ছে। 

আইসিইউ সংকটের কথা স্বীকার করে সিভিল সার্জন ডা. শহীদুল্লাহ দেওয়ান জানান, রোগীদের সর্বোচ্চ সেবা দেওয়া হচ্ছে। আর সংকট মোকাবেলার জন্য কর্তৃপক্ষকে জানানো হয়েছে। 

মাগুরা জেলায় এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৭৮ জনের। আর, মোট আক্রান্ত হয়েছেন তিন হাজার ৪৫১ জন মানুষ। 


একাত্তর/আরবিএস