তীব্র স্রোতে শিমুলিয়া-বাংলাবাজার নৌ রুটে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। ঝুঁকি এড়াতে গেলো কয়েক দিন ধরেই রাতে ফেরি চলাচল বন্ধ থাকে। আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে মাঝারি আকারের পাঁচটি ফেরি। ভারী যানবাহন পারাপার না করায় এতো দিন ঘাটের পার্কিং ইয়ার্ডে থাকা পণ্যবাহী গাড়ি বিকল্প পথের উদ্দেশ্যে ঘাট ছেড়ে চলে যায়। বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাট সহ মহাব্যবস্থাপক সফিকুল ইসলাম জানান, সোমবার সকাল থেকে পাঁচটি মাঝারি আকারের ফেরি চলাচল করছে। ছোট গাড়ি আর যাত্রী নিয়ে ছাড়ছে এসব ফেরিগুলো। মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে গাড়ির কোন জট নেই বলে জানান তিনি। তবে পার হওয়ার অপেক্ষায় মাদারীপুরের বাংলাবাজারে দেড় শতাধিক ছোট গাড়ি আছে বলে জানান তিনি।
এদিকে দেশের গুরুত্বপুর্ন নৌরুট দৌলতদিয়া পাটুরিয়ার রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ভোগান্তি কমেছে যাত্রীদের। তবে বেড়েছে ফেরির সংখ্যা। সোমবার (১৬ আগস্ট) সকাল থেকে এই নৌরুটে ছোট বড় ১৭টি ফেরি চলাচল করায় যাত্রিবাহী বাস ও প্রাইভেটকার সরাসরি ফেরিতে উঠে যেতে পারছে।
তবে যাত্রিবাহি বাস ও প্রাইভেট কারকে অগ্রাধিকার দেওয়ায় ঘাট এলাকা প্রায় ১০০ পন্যবাহি ট্রাক আটকে আছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যাবস্থাপক শিহাব উদ্দিন জানান, এই নৌরুটের বর্তমানে ১৭টি ফেরি চলাচল করছে। ফলে ঘাট এলাকায় তেমন যানজট তৈরি হয়নি।
একাত্তর/এআর