বাস থেকে ফেলে অটোচালককে হত্যা, মহাসড়ক অবরোধ

গাজীপুরে এক অটোচালক হত্যার ঘটনায় হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে জেলার শ্রীপুরের গড়গড়িয়া মাস্টার বাড়ি এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয়রা। 

মঙ্গলবার সকালে তিন ঘণ্টা অবরোধের কারণে ভোগান্তিতে পড়েন ওই মহাসড়কে চলাচলকারী লোকজন। পরে আইন-শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। 

আন্দোলনকারীদের দাবি, গতকাল সোমবার বিকেলে গাজীপুর থেকে মাওনাগামী একটি তাকওয়া পরিবহনের বাস পেছনে থেকে অটোরিকশায় ধাক্কা লাগিয়ে লুকিং গ্লাস ভেঙ্গে দেয়। এতে ক্ষুব্ধ হয়ে অটোরিকশা চালক তাকওয়া পরিবহনে উঠে পড়েন। পরে তাকে হত্যা করে নতুন বাজার এলাকায় সড়কে ফেলে দেয়া হয়। নিহতের বাড়ি নেত্রকোনার মদন থানায়।

এ বিষয়ে শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মন্ডল জানান, অটোরিকশা চালককে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় থানায় হত্যা মামলা নেয়া হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টাসহ আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।