বন্দুকযুদ্ধে নিহত ২, এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ!

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ঝিলমিল এলাকায় র‌্যাব-১০ এর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই যুবক নিহত হওয়ার ঘটনায় এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন এলাকাবাসী। বন্দুকযুদ্ধে নিহত দুই যুবকের পরিচয় জানা গেছে, তারা হলেন সজীব ও তাজুল ওরফে তাজেল মিয়া। 

র‍্যাব-১০ এর সহকারী পরিচালক এনায়েত সোয়েব একাত্তরকে জানান, গত সোমবার (১৬ আগস্ট) রাতে ঝিলমিল আবাসিক এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, এমন খবরে র‌্যাব অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে ডাকাতরা গুলি করে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি করে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ দুই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত সাড়ে ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।


র‌্যাব বলছে, নিহত সজিব ও তাজুলরা পাঁচ ভাই। তদের এক ভাই দীর্ঘদিন আগে মারা গেছেন। রাজিব আর নিহত দুজন সজিব ও তাজুল তারা তিন ভাই মিলে এলাকায় চুরি, ডাকাতি-ছিনতাই ও খুন করে ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। তাদের নেতৃত্বে একটি ডাকাত দল ঢাকা মাওয়া হাইওয়ে এলাকায় নিয়মিত ডাকাতি ও ছিনতাই করতো।

র‍্যাব আরো জানায়, নিহত তাজুলের নামে মোট সাতটি মামলা রয়েছে। এর মধ্যে দুইটি হত্যা, একটি অস্ত্র, দুইটি ডাকাতির প্রস্তুতি ও দুইটি মাদক মামলা। এছাড়া কেরাণীগঞ্জের ঝিলমিল প্রকল্প এলাকায় মোটর সাইকেল, সিএনজি, অটোরিকশায় ছিনতাই-ডাকাতি করা ছিল তাজুলের নেশা ও পেশা। 

আরও পড়ুন: তালেবানদের দ্রুত সমর্থন ও সাহায্য করুন: জাফরুল্লাহ

নিহত সজীবের নামেও দুইটি ডাকাতির প্রস্তুতি মামলা, একটি ডাকাতি, একটি অস্ত্র ও একটি হত্যা মামলা রয়েছে। সজীব দিনে-দুপুরে অটোরিকশা ছিনতাই করতেন। এরপর অটোরিকশা মালিকের কাছ থেকে টাকা আদায় করতেন এবং না পেলে মালিককে মারধর করতেন। আর পলাতক আরেক ভাই রাজিবকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

অভিযানের সময় ডাকাত দলটির ছোড়া গুলিতে র‌্যাবের তিন সদস্য আহত হয়েছেন। তারা হলেন- এএসআই শফিকুল ইসলাম, নায়েক জাকিরুল ইসলাম ও কনস্টেবল মশিউর রহমান। হাসপাতালে তাদের চিকিৎসা চলছে।


একাত্তর/আরবিএস