ভাস্কর্য শিল্পীর বাড়িতে আগুন: সাত সদস্যের তদন্ত কমিটি গঠন

আনন্দ শোভাযাত্রার মোটিফ নির্মাণকারী শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় সাত সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হাসান খানকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করে জেলা প্রশাসন। আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে এই কমিটি।

বুধবার (১৬ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, মঙ্গলবার রাত আড়াইটার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া বাজার এলাকায় চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে তার একটি ঘর পুড়ে গেছে।

পয়লা বৈশাখে ঢাকায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখাকৃতি বানানোর কারণে চিত্রশিল্পী মানবেন্দ্রের বাড়িতে আগুন দেয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে মানবেন্দ্র ঘোষের পরিবারের দাবি, মানবেন্দ্র সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখাকৃতি বানাননি, তিনি শুধু বাঘের মোটিফ তৈরি করেছেন। 

চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়ি এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাড়ি একই এলাকায়। এ জন্য শেখ হাসিনার মুখাকৃতি তৈরির ক্ষোভ থেকে পতিত আওয়ামী লীগের লোকজন এই ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

নিরাপত্তা স্বার্থে পুলিশ বাড়িটিতে জন সাধারণের উপস্থিতি সীমিত করে রেখেছে। এ ঘটনার পরে ওই এলাকায় জনমনে আতঙ্ক বিরাজ করছে।