পদ্মা সেতুতে বসলো শেষ স্ল্যাব, পূর্ণাঙ্গ রূপ পেলো সড়ক পথ

মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তের ১২ ও ১৩ নম্বর স্প্যানের মাঝামাঝি বসানো হলো পদ্মাসেতুর সড়ক পথের শেষ স্ল্যাবটি। সোমবার (২৩ আগস্ট) সকাল ১০টা ১২ মিনিটে সেতুর সড়ক পথের এই সর্বশেষ স্ল্যবটি বসানোর মধ্যে দিয়ে সম্পন্ন হলো ৬ দশমিক ১৫ কিলোমিটারের সেতুর সড়ক পথের স্ল্যাব বসানোর কাজ। পূর্ণাঙ্গ রূপ পেলো সেতুটির সড়ক পথ। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, ৪২টি পিলারের ওপর ভর করে সেতুতে বসেছে ৪১টি স্প্যান। আর সেই ৪১টি স্প্যানের ওপর বসানো হয়েছে সড়ক পথের দুই হাজার ৯১৭টি রোডওয়ে স্ল্যাব। 


সেতু কর্তৃপক্ষের আশা, আগামী বছরের জুন মাসেই চালু হবে বাংলাদেশের ১৬ কোটি মানুষের প্রাণের এই পদ্মা সেতু। শেষ স্ল্যাব বসানোকে ঘিরে বাংলাদেশ ও চায়না প্রকৌশলী এবং শ্রমিকদের মধ্যে দেখা গেছে উৎসবের আমেজ।


২০১৪ সালের ডিসেম্বরে পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু হয়। ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮ নম্বর খুঁটিতে প্রথম স্প্যান বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হয় পদ্মা সেতু। এরপর একে একে ৪২টি পিলারে ১৫০ মিটার দৈর্ঘ্যের ৪১টি স্প্যান বসিয়ে ছয় দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু পুরোপুরি দৃশ্যমান হয়েছিল ২০২০ সালের ১০ ডিসেম্বর।

একইসঙ্গে চলতে থাকে রোডওয়ে ও রেলওয়ে স্ল্যাব বসানোসহ বাকি কাজ। ২০২২ সালের জুন মাসের মধ্যেই এই সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার কথা রয়েছে।


একাত্তর/এসি